Monday, November 5, 2018

কবিতা - আয়না



দীর্ঘমেয়াদি বিষাদে কেটে গেছে
ত্রিশটি রোদেলা বছর
লক্ষাধিক আলোর কণায় জ্বলে গেছে
অস্তিত্বের আয়নাটি,
যে আয়নায় একদা এক কিশোরী হাসত
লজ্জাবনত তরুনীর ভীরু কাজলে থাকত প্রেম।
আজকাল আয়না জুড়ে জোনাকীর চাষবাস
দিন রাত টিমটিম জ্বলে নেভে,
পেন্ডুলামের মত দুলে দুলে হাসে কে যেন,
কে হাসে?!
নীল শাড়ি পরিহিতা এক ঘোরগ্রস্তপ রমনী,
যার মুখ নেই, বুক নেই, নেই নখ ও!
আছে এক জোড়া চোখ, কাঁচ ভাঙা হাসির শব্দ,
আর আছে হৃদয় বিবশ করা নীলগন্ধী
শাড়ির আশ্চর্য রঙ!
নীল শাড়ির বুকে শ্রমিক প্রজাপতির দল
বুনে যায়
হেমন্তের আকাশ!
শাড়ির আঁচলে আস্ত একটা চাঁদ,
দীর্ঘ পাড় জুড়ে অরন্য পাহাড়, বুকের কাছটায় সমুদ্র!
আয়নার মত জ্বলজ্বলে স্বচ্ছ শাড়িতে
শুদ্ধতার ফুল সৌরভ ছড়ায়!
ঘাস, মাটি আর আকাশ মনে করিয়ে দেয়,
বুকের ভেতর অচেনা সেই হাসি,
প্রাচীন গোলাপের তীব্র ঘ্রাণ,
রক্তের কণায় কণায় টের পাই
নীল গন্ধী রমনীয় বিস্তার!
বিষাদ ধুয়ে যায় কার্তিকের আকাশে
রোদ হয়ে যায়, অচেনা পাখির শিস হয়ে যায়,
ঝরা পাতায় হারানো অচিন পথ হয়ে যায়।
আজ সকালে তাই
অস্তিত্বের আয়নায় হাসে সূর্য
নীল রঙা শাড়ির জমিন জুড়ে হেমন্ত!

৫/১১/১৭

No comments:

Post a Comment