Monday, November 5, 2018

কবিতা- মানিব্যাগটা পুরোনো আর আমিও

কারা যেন বলতে চায় আমি হয়েছি বেশ পুরোনো
তোমার বহুল ব্যবহৃত মানিব্যাগের গোপন চেম্বারে বসে থাকি চুপচাপ।
খুচরো পয়সার মুখ দেখো রোজ
অথচ আমি পড়ে থাকি বাড়ি ভাড়ার রসিদ কিংবা বাজার তালিকার সাথে।
যদিও হয়ে গেছি ঝাপসা আর মলিন 
তবুও যদি একবার তাকাতে এ চোখে দেখতে পেতে
সবুজ টিয়ার ঝাঁক, দেখতে পেতে ছোট্ট কপালে রোদ ঝলমলে হেমন্ত বেলা
সেই একই রকম হাসতে পারি আজও।
কারা যেন ফিসফিসিয়ে বলে পাশের চেম্বারে ফোন নম্বর বদলে যাচ্ছে।
নতুন আলো হাওয়ার একজনা এই এলো বলে।
আমাদের পুরোনো নদীটায় তুমি নাকি ভাসালে ময়ূরপঙ্খী নাও,
নাওয়ের নাম কি দিলে পদ্মাবতী?!
দীর্ঘশ্বাসে দৃষ্টি ঝাপসা,
আজকাল আর দেখতে পাই না কোন ফর্দ বা ছেঁড়া নোট!
বহুকাল ড্রয়ারে বন্দী পুরোনো মানিব্যাগের গোপন চেম্বারে বসে আছি চুপচাপ, অপেক্ষায়।
স্যাঁতস্যাঁতে বাতাসে হেমন্তের রোদ উষ্ণতা হারাচ্ছে রোজ আর আমিও হচ্ছি বিলীন জঙধরা জেমস ক্লীপের সাথে।
কিন্তু জানো সেই যে আমার হাসিতে নেমেছিল জোছনা সেদিন দুপুরে,
সেখানে এখনও আছে এলাচের সুবাস, উষ্ণ আহ্বান!
কারা যেন বলতে চায় তুমিও আসছো শিগগির
আমার পাশেই এই ড্রয়ারে।
মেয়েটা তোমায় বুঝলোই না? ফেলে গেলো এখানে এই পুরোনো বাক্সে?
পার্স বন্দী একাকীত্ব আর তুমি।
তোমার দীর্ঘশ্বাসের ঝড় বয়ে যায় ড্রয়ার জুড়ে
চমকে যাই শীর্ণতায়
তুমি কি কখনো জানবে
এই ড্রয়ারে এখনও জ্বলছে আমার হাসি
শুধু তুমি এসেছো বলেই?!

১৪/১০/১৮

No comments:

Post a Comment