Tuesday, November 6, 2018

প্রলাপদ্বয়

একটা অসুস্থ নিউরনের দুঃখ ঝরে পড়েছিল কাল রাতে
ফ্লুরোসেন্ট আলোতে ছিল না অক্সিজেন
ভাববার কি ছিল?!
টিভি কমার্শিয়াল, সারি সারি প্রশ্ন?
বিষন্ন নির্লিপ্ততায় রাত গভীরে ঘন্টা বাজে প্রহর গুনে
দুরের বনে ছাতিম ফুলের ঘন দীর্ঘশ্বাস ফোঁটায় ফোঁটায় ঝরে রাতের বাতাসে
হাসনা হেনার ঝাড়ে বসে থাকে অতীত,
নিউরন জুড়ে যন্ত্রণার ঢেউয়ে ফিরে আসে
গত জন্মের পাপ, ফেরারী দুঃখ
অসমাপ্ত গল্পের সুতীব্র ব্যথায় মৃত্যু হয় কালোত্তীর্ণ যুগের।
কাল রাতে নিউরোনীয় শোক সভায় বিচ্ছিন্ন কবি বলেছিল 'শুধু নিঃসঙ্গতা বেঁচে থাকবে!'
৫/১০/১৭

২। প্রলাপ ২- ঋণ
প্রতি সেকেন্ডের বিষাদ গুনতে
তুমি এসো আমার বাড়ী
একলা আকাশে বিবর্ণ মেঘে গুচ্ছ অভিমানের জমাখাতায় লিখো ক্ষতিপূরণ,
প্রেমের আঠাশটি কবিতায়
তোমার নামে খুলো নতুন হিসেব।
আমি দেউলিয়া হবার আগেই বুঝে নিও
ভালবাসার বাৎসরিক দেনাপাওনা!
আমার নামে হুলিয়া জারি করার আগেই
গুছিয়ে নিও বিপন্ন হৃদয়ের ঘরখানা
অগোছালো সময় বারান্দায় ফোটা বিচ্ছিন্ন গল্পগুচ্ছ, রোদে শুকোতে দেয়া মনোছবি, ভেজা মেঘে বিলীন প্রেমের তেত্রিশটি পঙক্তি মালা,
ঝড়ে হারিয়ে যাওয়া দুর্বিনীত প্রথম প্রেম!!
আমি হারাবার আগেই বন্ধ করো
অভিযোগের চলমান হিসেব,
ক্রমবর্ধমান তিক্ততায় পোড়া বিপনিবিতান,
তপ্ত রোদ, প্রখর শরতের আকাশ!
প্রতি মুহুর্তের প্রেম বুঝে নিতে
তুমি করো চুলচেরা বিশ্লেষণ,
আমি চলে যাবার আগেই নিলাম ডেকো,
প্রেমের দামে বেচে দিও সুখ, না বিকোন কবিতা, অসমাপ্ত গল্পের সারি, স্মৃতির পেইন্টিংস!
আমার ঘরে তালা দিও, বাজেয়াপ্ত করো ব্যক্তিগত তিনশোটি প্রেমিক মুহুর্ত, মহুয়ায় বিভোর একান্ত সময়!
তোমার অভিযোগের বিপরীতে জমা নিও আমার ঋণগ্রস্থ একটি শুদ্ধতম প্রেম!
৫/১০/১৭

No comments:

Post a Comment