Tuesday, November 6, 2018

কবিতা- স্মৃতি

বাতাসে চায়ের গন্ধ!
শেষ শরতের মাদকতায়
হেঁটে যাই বিক্রিত বিকেলে,
বাতাসে চায়ের গন্ধ মনে করিয়ে দেয়
একজোড়া দুর্বিনীত চোখ, 
চায়ের কাপে রহস্য,
চোর কাঁটায় পলাতকা শাড়ির আঁচল
চুরি করা রোদের ফুল, চোরাকারবারি প্রেমিক!
বাতাসে চায়ের গন্ধ মনে করিয়ে দেয়
হাতের মাঝে হাত আর কখনও না ফুরোনো গল্প
বৃষ্টির সোঁদা গন্ধে প্রথম প্রেমের স্পর্শ!
বাতাসে চায়ের গন্ধ
কামিনীর বুক জুড়ে স্মৃতি,
চোখের গভীরে চোখ
মুগ্ধ বিস্ময়!
বাতাসে চায়ের গন্ধ
মনে করিয়ে দেয় শুদ্ধ সকাল,
বাঁধ ভাঙা হাসি, পাঁচটা গোলাপ, মুঠোভর্তি বকুল একটা দোয়েলের শিস, ঝাঁকড়া চুলে অবাধ্য বাতাস!
পরিবর্তনহীন সময় বলয়ে,
মুখোমুখি দুজনা মুঠোবন্দী প্রেমে।
বহুযুগ পুরোনো বার্তাবাহী বাতাসে আজ তারুণ্যের গন্ধ,
দুই দুয়ারী স্মৃতির গন্ধ!

৮/১০/১৭

No comments:

Post a Comment