Monday, November 5, 2018

কবিতা - ভন্ড

ভন্ড

আজকাল গভীরতা হারালেই নিজেকে
অপভ্রংশ মানুষ মনে হয়
মনে হয় হলাহল বিষের উৎস।
কড়িকাঠ বেয়ে নামা উইয়ের ঢিবি আর
প্রস্তরিভূত মাকড়সারা বরাবর একই রকম বিবর্ণতার কথা বলে
যেমন তুমি চায়ের কাপে চোখ রেখে বলেছিলে-
বিনয় জিনিসটা ভন্ডামীর চুড়ান্ত
আমি ভন্ড এক সেবক
তোমার বুকে খুঁড়ছি কবর
আর মোলায়েম গলায় বলছি চিনি খেয়ো না আর!
অপালাপে ক্লান্ত তুমি
অথচ তোমার ঘড়ির কাঁটায় সতেজ বিভ্রান্তি।
আজকাল গতির অপেক্ষায় বসে থাকি ভিখারীর মত
জানা পথের বাঁকে অচেনা আকাশ দাঁড়িয়ে থাকে রোজ
হাওয়াই মিঠে বিকেল মুখে পুরে তোমার খোঁজে সাটিয়ে দেই
হুলিয়া দেয়ালে দেয়ালে।
কতকটা আমিও শিখেছি অতীত বেচে তোমায় কেনা।
তুমি বুক ভরে ঘৃণা করো অরুপ,
স্থিরচিত্রে আমায় দেখে ঢোক গিলো নিয়ম করে দু'বেলা
আর ভীষণ ঘৃণায় গাল দিও 'অপগন্ড কি ভন্ড' বলে,
তবুও ভালোবেসো না অরুপ
কিছুতেই আর কোন ছুতোয় ভালোবেসো না প্লিজ!
তোমার মুখে ভালোবাসিটা
আজকাল বড্ড বেমানান লাগে জানো,
বড্ড বেমানান!

৩০/১০/১৮

No comments:

Post a Comment