Tuesday, November 6, 2018

কবিতা- দেউলিয়া

নিজেকে দেউলিয়া ঘোষনা দেবার আগে
আমি সমুদ্র কিনেছিলাম
গভীর সমুদ্রে জলচর মানবের খোঁজে
নামিয়েছিলাম সাবমেরিন!
এক মধুগন্ধা বিকেলের শঙ্খ ধ্বনিতে জল কেঁপেছিল
গভীর নিনাদে গোধূলির রঙ হয়েছিল কাঁচা সোনা!
জলজ দুটি চোখ ভেসেছিল দশম সূর্যের শেষ আলোকচ্ছটায়!
দেখেছিলাম মহাজগৎ তলিয়ে যাওয়া
গভীর দুটি চোখ!
হৃদয়ে ঘূর্ণিঝড়, অস্তিত্ব জুড়ে প্রবল তৃষ্ণায় বাড়িয়েছিলাম হাত!
চন্দ্রসারথী প্রেমিক আমায় টেনে নিয়েছিল
সেদিন সমুদ্র অতলে অন্ধ আবেগে!
প্রবাল দ্বীপের মধুচন্দ্রিমায় তাঁর চোখে দেখেছি
কৃষ্ণ গহ্বর, অতলস্পর্শী প্রেম!
আমরা সময়কে ডুবিয়ে গল্প করেছিলাম এক শতাব্দীকাল, অনুভবে ডুবেছিলাম লক্ষ বছর!
অথচ;
আপাতঃ নিরীহ এক অমাবস্যা তিথিতে
পালিয়ে গেল সে!
একের পর এক সমুদ্রে চালিয়েছি গভীর অভিযান
মহা সমুদ্রের জলের গভীরে দিয়েছি নিখোঁজ সংবাদ!
সমুদ্রের প্রতিটি জলকণায় লিখেছি হারানো বিজ্ঞপ্তি,
মানব জীবন বিনিময়ে হয়েছি মহাকাল
তরঙ্গমালায় পাঠিয়েছি চিঠি।
"প্রিয়তা, মধুগন্ধা রাতের দীর্ঘশ্বাস বয়ে নিয়ে যাবে এই বার্তা। প্রতারিত বাসরে ফেলে যাওয়া তোমার শঙ্খ হৃদয়খানি ফেরত নিতে এসো আর একবার!"
চাঁদজাগা রাত ফিসফিসিয়ে বলে গেল,
মৃত তিমির ফসিলে পাবে খোঁজ
তারা মাছের বুক জুড়ে দুঃখ তোমায় হারাবার,
আদ্রিয়ানের তীরবর্তী জেলেদের লোকগাঁথায়
মিলবে পথের ঠিকানা!
সেই থেকে দেউলিয়া ঘোষিত হয়েছি
চন্দ্র পথে হয়েছি নিরুদ্দেশ!
১১/১০/১৭

No comments:

Post a Comment